Sylhet Today 24 PRINT

মনোনয়ন পেলেন বঙ্গবন্ধুর নাতি শেখ তন্ময়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

বাগেরহাট-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ সারহান নাসের তন্ময়। বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে রাজনীতিতে আসা এ তরুণ বাগেরহাট-২ আসন থেকে আসন্ন নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন।  শেখ সারহান নাসের তন্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি।

এ বছরের শুরু দিকে বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় তাকে। অতিথি হিসেবে বক্তব্য রেখে তুমুল আলোচনায় আসেন তিনি।

উচ্চ শিক্ষিত, সুদর্শন তন্ময়ের ছবি ও ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার তৈরি করে। এরপর থেকে নিয়মিতভাবে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে তার নজর কাড়া উপস্থিতি দেখা গেছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ৩২ বছর বয়সী তন্ময় লন্ডন থেকে উচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরে ২০১৫ সালে বিয়ে করেন। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। পেশায় ব্যবসায়ী তন্ময়ের স্ত্রী করছেন শিক্ষকতা।

২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। এরপর থেকে বিদেশে পড়ালেখার ফাঁকে ফাঁকে দেশে এলেই দলীয় অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তন্ময়ের সুদর্শন চেহারার কারণে তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন এই মুহূর্তে তন্ময় জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন। সাধারণ মেয়ে থেকে শুরু করে অনেক সেলিব্রেটি তন্ময়ের ছবি আপলোড করে নানা ক্যাপশনে তার প্রতি দুর্বলতা দেখিয়েছেন। তার মধ্যে রয়েছে শবনম ফারিয়া, অমৃতা খান, ববি হক, আমব্রিন, পিয়া বিপাশা সহ আরো অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.