Sylhet Today 24 PRINT

অধিকাংশ আসনে বিএনপির একাধিক মনোনয়ন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৮

অধিকাংশ আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ নভেম্বর) বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘দলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া প্রায় প্রতিটি সংসদীয় আসনে আমরা দুজনকে মনোনয়নের চিঠি দিচ্ছি। যাতে কোনও কারণে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।’

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজায় কারাগারে থাকা খালেদা জিয়া এবার মনোনয়ন নিয়েছেন ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে।

তার প্রতিনিধি হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর হাতে প্রত্যয়নের চিঠি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় মনোনয়নের এই প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় এই প্রত্যয়নপত্র দেওয়া হবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আজ দলের চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবন্দী। অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার, খুন, গুম করা হয়েছে। এমন একটা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার অবকাশ নেই। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি আন্দোলন সৃষ্টি করে খালেদা জিয়াকে মুক্ত করা।’

খালেদা জিয়ার মনোনয়নের চিঠি হস্তান্তরের পর বিকাল ৪টা থেকে বরিশাল বিভাগে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু হয়। এরপর সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগের এবং রাত ৮টায় রাজশাহী বিভাগের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়ার কথা রয়েছে।

জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ইতোমধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন এখন পর্যন্ত দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট হয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। প্রশাসনে রদবদলের কথা বলেছিলাম। কিন্তু তারা তা করেনি।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, তার প্রমাণ হলো প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নিরপেক্ষতা নিয়ে আমাদের মনে যে সন্দেহ তা দূর করতে পারেনি নির্বাচন কমিশন। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.