Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-৪: বাবা-ছেলেকে বিএনপির মনোনয়ন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ও তার ছেলে মুহিত আশিক চিশতী।

জাতীয় ঐক্যফ্রন্টের বিকল্প প্রার্থী হিসেবে এ আসনে গণফোরামের এডভোকেট শান্তিপদ ঘোষকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার-৪ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হয়।

বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, দলীয়ভাবে তাকে ও তার ছেলে মুহিত আশিক চিশতীকে বিএনপির প্রার্থী বাছাই কমিটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

একই আসনে এক দল থেকে বাবা ছেলেকে মনোনীত করে চিঠি প্রদান সম্পর্কে হাজী মুজিব বলেন, গত কয়েক বছরে আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চুরি, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে তার উপর ৭৬টি মামলা দিয়েছে। অনেক মামলা খারিজ হয়ে গেছে। এখনো অনেক মামলা রয়েছে, যেগুলোতে তিনি জামিনে আছেন। তার প্রার্থিতা বাতিলে সরকারি দল কোন চক্রান্ত করতে পারে তা ভেবে বিএনপি বিকল্প হিসেবে তার ছেলে মুহিত আশিক চিশতীকেও মনোনীত করে চিঠি দিয়েছে।

অন্য দিকে মৌলভীবাজার জেলা গণফোরাম সূত্রে জানা যায়, মৌলভীবাজার-৪ আসনে দলীয়ভাবে মনোনীত করে এডভোকেট শান্তিপদ ঘোষকে দলীয় প্রার্থী হিসেবে চিঠি দিয়েছে।

এডভোকেট শান্তিপদ ঘোষের সাথে যোগাযোগ করা না গেলেও তার ঘনিষ্ঠরা জানান, ঐক্যফ্রন্টের সিদ্ধান্তে গণফোরাম থেকে তাকে মনোনীত করে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির হাজী মুজিব ও তার ছেলে প্রার্থিতা বাতিল হলে তখন ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে থাকবেন এডভোকেট শান্তিপদ ঘোষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.