সিলেটটুডে ডেস্ক | ২৭ নভেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার পর্যন্ত প্রায় ৮০০-র মতো মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আছেন দলটির কজন নেতার স্ত্রী ও সন্তানেরাও।
দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক কুমিল্লা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন রাখার মামলায় তিন বছরের কারাদণ্ড হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ মনোনয়ন পেয়েছেন নোয়াখালী-৫ আসন থেকে।
সিলেট-২ আসনে মনোননয়ন পেয়েছেন প্রয়াত ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।
বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও মনোনয়ন পেয়েছেন।
কক্সবাজার-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সালাহ উদ্দীন আহমদের স্ত্রী হাসিনা আহমদ।
দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আখতার এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ।
পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদারের স্ত্রী সালমা আলম মনোনয়ন পেয়েছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার তালিকায় আছেন রুহুল কুদ্দুস তালুকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিনও।
পঞ্চগড়-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক স্পিকার জমির উদ্দীন সরকারের ছেলে নওশাদ জমির।
দলীয় মনোনয়ন পেয়ে যশোর-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় লড়বেন ঢাকা-৩ আসনে। গয়েশ্বর চন্দ্র রায়ের বিকল্প প্রার্থী হিসেবে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন পেয়েছেন ঢাকা-৬ আসনে।
ঢাকা-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমান দলীয় মনোনয়ন পেয়েছেন।
বিএনপির সাবেক সাংসদ এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। প্রার্থিতা যাচাই-বাছাই ২ ডিসেম্বর এবং প্রত্যাহার করার শেষ সময় ৯ ডিসেম্বর।