Sylhet Today 24 PRINT

মনোনয়নপত্র দাখিল করলেন মাহমুদ উস সামাদ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় প্রথম মনোনয়নপত্র দাখিল করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। এসময় আসন্ন সংসদ নির্বাচনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজি এমদাদুল হক তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর মাহমুদ উস সামাদ সাংবাদিকদের বলেন, আমার সময়ে এলাকার উন্নয়ন হয়েছে। তাই এবার বিপুল ভোটের ব্যবধানে জনতা তাকে বিজয়ী করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় তাঁর সাথে ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা মোস্তাফুর রহমান মফুরসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

মাহমুদ উস সামাদ চৌধুরীর পর সিলেট ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ ও সিলেট-২ আসনে এনপি মনোয়ার হোসেন মনোনয়ন জমা দেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) আরো ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এনিয়ে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।

গতকাল যারা জমা দিয়েছেন তারা হলেন- সিলেট-১ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক ও ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক। সিলেট-২ আসনে খেলাফত মজলিসের মুনতাছির আলী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মোশাহিদ খান। সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন এবং  জাতীয় পার্টির এম এ মতিন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.