Sylhet Today 24 PRINT

গণফোরামের ১১৩ প্রার্থী, নেই ড. কামাল

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার দল গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় নাম নেই তার।

কামাল হোসেনের পক্ষ থেকে কোনও মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।

বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল পাঁচটার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে।

সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক এ প্রসঙ্গে বলেন, ‘ড. কামাল হোসেন চূড়ান্তভাবেই নির্বাচন করছেন না। তিনি প্রার্থিতা করবেন না। তার মেয়ে সারা হোসেনও নির্বাচন করবেন না। তিনি দেশের বাইরে আছেন। আমরা সারা দেশে ১১৩টি আসনে মনোনয়নপত্র জমা দেবো।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ড. কামাল হোসেন একটি আসন থেকে নির্বাচন করলে ভালো হতো। কিন্তু তিনি কেন করছেন না, তা জানতে পারছি না।’

উল্লেখ্য, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে। এই জোটের প্রধান শরিক দল বিএনপি। এছাড়াও ঐক্যফ্রন্টে আছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ স ম আব্দুর রবের জেএসডি, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লিগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.