Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-২: মনোনয়নপত্র দাখিল করলেন মজিদ খান

বানিয়াচং প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) নির্বাচনী আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

বুধবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিল করার পূর্বে সংক্ষিপ্ত সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি মজিদ খান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আর অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে তৃতীয়বারের মতো বানিয়াচং-আজমিরীগঞ্জ তথা হবিগঞ্জ-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়ন দিয়েছেন। ভেদাভেদ ভুলে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

এ সময় তিনি নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, এলাকার জনগণকে আমি ভালোবাসি। জনগণ যদি আবারো তাদের সেবা করার সুযোগ দেন তা হলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো।

সহকারী রিটার্নিং অফিসার ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের হাতে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ৮নং খাগাউড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান বাহার, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান, আওয়ামী লীগ নেতা আরজু মিয়া, যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগ সেক্রেটারি আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল কবির মুরাদের কাছে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন এমপি মজিদ খান।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় আজমিরীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছেও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
উল্লেখ্য, পুন:তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.