Sylhet Today 24 PRINT

নড়াইলে মাশরাফির মনোনয়নপত্র জমা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার নিকট মাশরাফির মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজাকে নড়াইল-২ আসনে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা জেলা আওয়ামী লীগসহ শরীকদল মিলে মিশে নৌকা প্রতীকে মাশরাফিকে বিপুল ভোটে নির্বাচিত করবো। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.