Sylhet Today 24 PRINT

প্রার্থিতা অনিশ্চিত, তবু কার্যালয় উদ্বোধন শাহীনুর পাশার

সুনামগঞ্জ-৩

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই নিজেকে ২৩ দলীয় জোটসহ জাতীয় ঐক্যেফ্রন্টের দাবী করে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় তিনি তাঁর নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনকালে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, অত্যাচারী জুলুমবাজ এই সরকারের কবল থেকে দেশের মানুষ মুক্তি চায়।

ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের শান্তি ফিরিয়ে আনতে তিনি সবার প্রতি আহবান জানান তিনি বলেন, আমি যখন নির্বাচিত সংসদ সদস্য ছিলাম যখন আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু গত ১০ বছরেও জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে কোন উন্নয়ন হয়নি।

এসময় জেলা জমিয়তে উলামা সাধারণ সম্পাদক দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান,রহমান চৌধুরীসহ জমিয়তের উলামের ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে ওই উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুরের বিএনপি ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীকে দেখা যায়নি।

এবিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচনী কার্যালয়ের দাওয়াত পেয়েছি। বিএনপি বা জাতীয় ঐক্যেফ্রন্টের প্রার্থী এখনও চুড়ান্ত না হওয়ায় আমরা যাইনি।

এ ব্যাপারে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, বিএনপি ও জাতীয় ঐক্যেফ্রন্টের চুড়ান্ত প্রার্থী আমি। তাই নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মনোনয়নপত্র জমা দিয়েছি।

ঐক্যেফ্রন্টের মনোনয়নের চিঠি পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, চিঠি এখনও পাইনি, তবে পেয়ে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.