Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী সাঈদীপুত্রের প্রতীকও ধানের শীষ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৮

যুদ্ধাপরাধের দায়ে আজীবন কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পিরোজপুর-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে বুধবার বিকালে পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে প্রার্থীর পক্ষে শামীম সাঈদীর ছোট ভাই ও ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী মনোনয়নপত্র জমা দেন।

শামীম সাঈদী পিরোজপুর-২ আসন (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা গেলেও তিনি পিরোজপুর-১ আসনেই অবশেষে প্রার্থী হলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে শামীম সাঈদীর প্রাথমিক মনোনয়নের একটি প্রত্যয়নপত্রের ছবিও মাসুদ সাঈদী তার ফেসবুকে দিয়েছেন।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে না পারায় আদালতের আদেশে নিবন্ধন হারায়। পরে তাদের প্রতীক দাঁড়িপাল্লাও প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের মামলায় আজীবন কারান্তরীন দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসন থেকে ৯৬’ ও ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রয়াত সুধাংশু শেখর হালদারকে পরাজিত করে জামায়াত থেকে পরপর দুবার সংসদ সদস্য হিসেবে নির্বাচত হয়েছিলেন। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাঈদীর ফাঁসির রায় হলেও আপিলে সেটা কমে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.