Sylhet Today 24 PRINT

অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের জন্য সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও কেউ আচরণবিধি অমান্য করেননি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তাঁদের উদ্দেশে তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে।

প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা মাঠপর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থীর অভিযোগ নিরপেক্ষভাবে বিচার করবেন। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করবেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে সিইসি বলেন, অনেকেই পাঁচ থেকে সাতজন লোক সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার অফিসের বাইরে কিছু লোকজন ছিল, তবে তা শোভাযাত্রার পর্যায়ে পড়ে না।

এর আগে ২৫ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেন সিইসি কে এম নুরুল হুদা।

নুরুল হুদা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিকভাবে অনেক সিদ্ধান্ত নিতে হবে। এ কারণে তাঁদের নির্বাচনের আচরণবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি পড়তে হবে। সব প্রার্থীকে সমান চোখে দেখা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা বিধান করতে হবে। তাঁদের পরিচালনা নয়, সহায়তা করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.