সিলেটটুডে ডেস্ক | ২৯ নভেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শীর্ষ এই যুদ্ধাপরাধীর ভাই বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরীকেও দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।
চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। ১৯৯৬ সালের নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন গিয়াস কাদের; সেবার হারলেও এরপর থেকে প্রতিবারই আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে আসছেন ফজলে করীম।
১৯৯১ সালে এই আসনে এনডিপি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন কাদের, পরে বিএনপিকে যোগ দেন তিনি। পরের নির্বাচনগুলোতে তিনি রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ২১ নভেম্বর ফাঁসিতে ঝুলিয়ে একাত্তরে ‘চট্টগ্রামের ত্রাস’ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
যুদ্ধকালে চট্টগ্রাম অঞ্চলে নজিরবিহীন নিষ্ঠুরতার জন্য ‘সাকা চৌধুরী কোনো উদারতা পাওয়ার যোগ্য নয়’ বলে মন্তব্য করেছিল উচ্চ আদালত।
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ মামলায় এখন কারাগারে আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের।