Sylhet Today 24 PRINT

ইলিয়াসের স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মনোনয়নপত্রে ভুল তথ্য প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও ছেলে আবরার ইলিয়াস অর্ণবের বিরুদ্ধে মনোনয়নপত্রে ভুল তথ্য প্রদান করার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কাছে এনিয়ে লিখিত অভিযোগ করেন তাজপুরের দুলিয়ার বন এলাকার মৃত গোলাম আজিজের ছেলে মো. সমর আলী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘আমার নির্বাচনী এলাকা সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নির্বাচনে অংশ নিতে তিনি চাকুরী থেকে ইস্তফা দিয়ে প্রার্থী হয়েছেন। সংশিষ্ট আইনানুসারে তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী আবরার ইলিয়াস অর্ণব-এর বয়স ও পেশা সংক্রান্ত তথ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন।’

এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হক অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.