Sylhet Today 24 PRINT

জামায়াতকে ঠেকাতে মরিয়া দুই বিএনপি নেতা

সিলেট-৫ ও ৬ আসন

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০১৮

নানা সমালোচনার মধ্যেও এবার জামায়াতে ইসলামির প্রায় ২৫ নেতার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে বিএনপি। এই ২৫ আসনে এবার ধানের শীষ প্রতীকে জামায়াত নেতারা প্রার্থী হবেন বলে জানা গেছে। এরমধ্যে সিলেট-৫ এবং সিলেট-৬ আসনও রয়েছে। তবে সিলেটের দুটি আসনে জামায়াতকে ঠেকাতে তৎপর স্থানীয় বিএনপি। জামায়াতের বদলে এবার এ দুটি আসনে দলীয় প্রার্থী হতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন দুই বিএনপি নেতা।

নবম জাতীয় সংসদ নির্বাচনেও সিলেট-৫ ও ৬ আসন জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি। সেবার দুই আসনেই পরাজিত হন জামায়াতের প্রার্থীরা। এবারও এই দুটি আসন জোটসঙ্গী জামায়াতকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিএনপিতে গুঞ্জন রয়েছে।

সিলেট-৫ আসনে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ ও সিলেট-৬ আসনে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী নিজেদের আসনে জামায়াতের প্রার্থী ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছেন। এই দাবিতে প্রতিদিন এলাকায় গণসংযোগের পাশাপাশি কেন্দ্রেও লবিং চালাচ্ছেন তারা। ফলে ভোটের লড়াইয়ে নামার আগে জামায়াতের সাথে প্রার্থীতার লড়াইয়ে নামতে হয়েছে তাদের।

স্থানীয় বিএনপির অনেক নেতা ও জনপ্রতিনিধিরাও সঙ্গী হয়েছেন এই দুই নেতার। জামায়াতের বদলে বিএনপির যে কোনো নেতাকে এবার মনোনয়ন দেওয়ার দাবি তাদের।

সিলেট-৫ আসনে মামুনুর রশীদ এবং সিলেট-৬ আসনে ফয়সল চৌধুরীকেও বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। একইসঙ্গে এই দুটি আসনে জামায়াত নেতা ফরিদউদ্দিন চৌধুরী ও মাওলানা হাবীবুর রহমানকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। নবম নির্বাচনে এই দুজনই নিজ নিজ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের কাছে পরাজিত হন।

এ ব্যাপারে জামায়াতের সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবীবুর রহমান বলেন, আমাদের এদুটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। যারা এখন বিরোধিতা করছেন তারাও আমাদের সঙ্গে আসবেন।

এবারও জামায়াত আসন ছেড়ে দেওয়া হতে পারে এমন গুঞ্জন শুরু হলে সিলেট নগরীতে সংবাদ সম্মেলন করেন সিলেট-৬ আসনের বিএনপি দলীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা।

এ আসনের বিএনপির প্রার্থী ফয়সল চৌধুরীর সমর্থনে গত ১৬ নভেম্বর আয়োজিত এ সংবাদ সম্মেলনে সিলেট-৬ আসনে জামায়াতের বদলে যেকোনো বিএনপি নেতাকেই মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ১১টি ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যানদের উপস্থিতি সংবাদ সম্মলনে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, বিগত দিনে এই আসন জামায়াতকে ছেড়ে দেওয়ায় বিএনপি শুধু ক্ষতিগ্রস্ত হয়নি বরং অস্তিত্ব সংকটে পড়েছে।

তিনি বলেন, আমাদের দলে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও প্রতিবারই ভাড়াটে লোক আনা হচ্ছে এবং এরা বিপুল ভোটে পরাজয় স্বীকার করছেন। বিএনপিকে ধ্বংস করতেই এবারও দলীয় প্রার্থী না দিয়ে কায়েমী স্বার্থবাদী দলের কোন একজনকে সেখানে প্রার্থী করার চেষ্টা চলছে অথচ এরাই কিছু দিন আগে সিলেট সিটি নির্বাচনে জোটের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ দলের প্রার্থী দিয়েছে। জামায়াতকে ওই আসনটি ছেড়ে দিলে এবারও ভরাডুবি ঘটবে বলে দাবি করেন তিনি।

অপরদিকে, গত ৩০ নভেম্বর জকিগঞ্জে এক সংবাদ সম্মেলনে সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশীদ বলেন, সিলেট-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত নেতা ফরিদ উদ্দিনকে সাধারণ মানুষ মেনে নেবে না। জকিগঞ্জ-কানাইঘাটের কোথাও জামায়াতের অস্তিত্ব নেই। ভোটারের কাছে তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায়। বিএনপির হাই কমান্ড কখনো জামায়াতের হাতে ধানের শীষ তুলে দেবে না।

মামুন বলেন, বির্তকিত জামায়াত নেতার হাতে ধানের শীষ তুলে দেয়া হলে আমাদের বিএনপির প্রতীকটাও ভোটারের কাছে বির্তকিত হবে। এছাড়া এবারের নির্বাচনে জামায়াত নেতার হাতে ধানের শীষ তুলে দেয়া হলে আসনটি হারাতে পারে বিএনপি।

এ ব্যাপারে ফয়সল আহমদ চৌধুরী বলেন, সিলেট-৬ আসনের দলের সকল নেতাকর্মী এবার বিএনপি নেতার হাতেই ধানের ধীষ প্রতীক দেখতে চায়। দলীয় নেতাকে প্রার্থী চায়। এই দাবিতে তারা ঐক্যবদ্ধ। আশা করছি, দলের হাইকমান্ড বিষয়টি অনুধাবন করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.