সিলেটটুডে ডেস্ক | ০২ ডিসেম্বর, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ভোটে অংশ গ্রহণেচ্ছুক আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যাচাই-বাছাই শেষে জাল সাক্ষরের কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ‘কেউ স্বতন্ত্র পার্থী হয়ে মনোনয়নপত্র নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর নিতে হয়। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ ভোটারদের ভুয়া স্বাক্ষরের তালিকা জমা দিয়েছেন তিনি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।