Sylhet Today 24 PRINT

ক্রেডিট কার্ডের বকেয়া ৫ হাজার টাকা পরিশোধ, আপিল করবেন রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০১৮

একটি ক্রেটিড কার্ডের সাড়ে ৫ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ না করায় মনোনয়ন পত্র বাতিল হয় হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার। এই টাকা ইতোমধ্যে পরিশোধ করেছেন বলে জানান রেজা কিবরিয়া। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

রোববার মনোনয়নপত্র যাছাইবাছাইকালে ড. রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল করেন হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ।

সিটি ব্যাংক ইস্যুকৃত একটি ক্রেডিট কার্ডের প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ না করার তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ব্যাপারে ড. রেজা কিবরিয়া বলেন, আমি দীর্ঘদিন দেশের বাইরে কর্মরত ছিলাম তাই বিলটি যথাসময়ে পরিশোধ করা হয়নি। ইতোমধ্যে বকেয়া বিলটি পরিশোধ করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি।

রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ১৮ নভেম্বর দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন রেজা কিবরিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.