Sylhet Today 24 PRINT

সোমবার থেকে ইসির নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর প্রশাসনের পাশাপাশি নজরদারি শুরু করছে নির্বাচন কমিশনও (ইসি)। রোববার (২ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ বলেন, সোশ্যাল মিডিয়া যেন নির্বাচন কেন্দ্রিক ব্যবহার না হয় এবং কোন ধরণের কোন প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, এজন্য প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও সোমবার থেকে মনিটরিং করবো।

তিনি বলেন, এজন্য ইসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিম প্রশাসনের টিমের পাশাপাশি কাজ করবে; গোয়েন্দা নজরদারিও থাকবে।

ইসি সচিব আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যেন নির্বাচন নিয়ে কোনও ফেক নিউজ না করতে পারে, তা প্রচার করা হবে। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ যেন ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।

হেলালুদ্দীন আহমদ বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অপপ্রচার রোধে জনসচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে; ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু করবেন প্রার্থীরা আর ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.