Sylhet Today 24 PRINT

জামায়াত নেতার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাই কোর্টের

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে বিএনপিদলীয় প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র অবিলম্বে গ্রহণ করতে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

সোমবার (৩ ডিসেম্বর) গোলাম রব্বানীর করা এই রিটের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই নির্দেশনা দেন।

গোলাম রব্বানী মিঠাপুকুর উপজেলার সাবেক চেয়ারম্যান। তাঁর আইনজীবী বায়জীদ ওসমানী সে সময় জানান, বিএনপির প্রার্থী হিসেবে গোলাম রব্বানী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।

আদেশের বিষয় জানিয়ে শিশির মনির বলেন, ২৮ নভেম্বর গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করেননি রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি ২৯ নভেম্বর নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। এরপরও মনোনয়নপত্র গ্রহণে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে এবং মনোনয়নপত্র গ্রহণে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত ওই নির্দেশ দেয়।

মনোনয়নপত্র গ্রহণ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন জানিয়ে ওই আইনজীবী বলেন, চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তাসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.