Sylhet Today 24 PRINT

শেখ তন্ময়ের বাৎসরিক আয় ৬৬ লাখ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

আসন্ন সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের প্রার্থীদের একজন শেখ সারহান নাসের তন্ময়। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গতবার এ আসন থেকে আওয়ামী লীগের মীর শওকাত আলী বাদশাহ মনোনয়ন পেয়ে হয়েছিলেন সাংসদ। তবে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয় তরুণ এ প্রার্থীকে। সে সুবাদে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দিয়েছেন নিজের সম্পদের বিবরণ।

নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিলকৃত হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা অনার্স গ্রাজুয়েট। তিনি মালবাহী নৌযানের ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম শেখ লজিস্টিক। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর গুলশান-১ এ। ওই কোম্পানিতে ৮৪ লাখ ২ হাজার ৩৬৭ টাকা মূলধন রয়েছে।

শেখ তন্ময় বাগেরহাট পৌর আওয়ামী লীগের সদস্য। হলফনামায় তিনি বাগেরহাট শহরের মিঠাপুকুর ক্রস রোডস্থ ১০-১১৯/১ নং বাসার ঠিকানা ব্যবহার করেছেন। তিনি বিবাহিত হলেও কোন সন্তানাদি নেই তার। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। তন্ময়ের নামে কোন মামলা নেই। কোনদিন কোনো মামলাও হয়নি বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

হলফনামায় তিনি আরো উল্লেখ করেছেন, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৬৬ লাখ ২১ হাজার ৬১৩ টাকা। বর্তমানে শেখ তন্ময়ের হাতে নগদ ৩৩ লাখ ৬৬ হাজার ১৩৭ টাকা আছে। শেখ এক্সিম লিমিটেডে তার ১৫ লাখ টাকা মূল্যের শেয়ার রয়েছে। শাহ-জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে এ ৫ লাখ ৪ হাজার ৯৪৩ টাকা জমা আছে শেখ তন্ময়ের। একই ব্যাংকে নিজ স্ত্রীর নামে ২ লাখ ৫২ হাজার ৫৫১ টাকা জমা আছে। ১০০ তোলা স্বর্ণ রয়েছে শেখ তন্ময়ের। যা তিনি বিবাহকালীন পেয়েছেন।

শেখ সারহান নাসের তন্ময়ের বাবা বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের কাছ থেকে তিনি এমভি তন্ময় ও এমভি ইফরাহ উদ্দিন নামে দুটি নৌযান পেয়েছেন। যার মূল্য ৫৩ লাখ ৬৭ হাজার ৮৯ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.