সিলেটটুডে ডেস্ক | ০৪ ডিসেম্বর, ২০১৮
জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিন মঙ্গলবারে মোট ২৩৪ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। এদিকে সোমবার প্রথম দিনে আপিল করেছিলেন ৮২ জন। এর ফলে মনোনয়নপত্র বাতিল হওয়া ৭৮৬ জনের মধ্যে দুই দিনে মোট ৩১৬ জন আপিল করেছেন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসিতে আপিলের দ্বিতীয় দিনে আপিলকারীদের মধ্যে রয়েছেন পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বরিশাল-২ আসনে জাপা প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নেত্রকোনা-১ আসনের এমএ করিম আব্বাসী, মেজর (অব.) মনজুর কাদের, জাতীয় ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার প্রমুখ।
এর আগে নির্বাচন কমিশন জানায়, বিভিন্ন কারণে সারা দেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৩, ৪ ও ৫ ডিসেম্বর ইসিতে আপিল করতে পারবেন এবং প্রার্থীদের আপিলের ওপর ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি হবে। আগামী কাল মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের ইসিতে আওলের শেষ দিন।
আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী তিনদিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিলের ওপর শুনানি করে সিদ্ধান্ত প্রদান করবে। ইসির এই সিদ্ধান্তে কেউ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতে পারবেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাইয়ের পরে ৭৮৬ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসাররা। এর ফলে বৈধ প্রার্থীর সংখ্যা বর্তমানে ২ হাজার ২৭৯ জনে।
পুনঃতফসিল অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর, নির্বাচনী প্রচারের শেষ দিন ২৮ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।