Sylhet Today 24 PRINT

খানাখন্দ খোড়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন: ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে যেন তারা তাদের দায়িত্ব পালন করে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড দূরে থাকুক, এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে আরও খারাপ করা যায়। খানাখন্দ খোড়ার চেষ্টা করা হচ্ছে।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন, প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্র জারি করছে, যেগুলো নির্বাচনের সহায়ক নয়।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকারি দল প্রতিদিন সভা-সমাবেশ করছে, কিন্তু ইসি কিছুই করছে না। ইসি যদি দায়িত্ব পালন না করতে পারে, তাহলে দেশবাসীকে বলুন যে স্বাধীনভাবে আমরা দায়িত্ব পালন করতে পারছি না। দায়িত্ব পালন না করতে পারলে পদত্যাগ করা উচিত। না হলে সংবিধান আপনাদের (ইসি) যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা দায়িত্ব পালন করলে আমরা সাহায্য করব। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়।’

দলের চূড়ান্ত প্রার্থীদের বিষয়ে ফখরুল বলেন, সারা দেশে বিএনপি–মনোনীত ধানের শীষের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি। আজকের মধ্যে তালিকা চূড়ান্ত হলে সন্ধ্যায় ঘোষণা করা হতে পারে।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন ক্রমেই প্রহসনে পরিণত হতে চলছে। নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবার ক্ষমতায় যেতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন, নিপীড়ন এবং যত রকম কৌশল আছে, সরকার প্রয়োগ করছে।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে গ্রেপ্তারের পরিমাণ বেড়ে গেছে। গতকাল পর্যন্ত ১৯৭২ নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, জেলা দায়রা জজদের একটি সভা হয়েছে আইন মন্ত্রণালয়ে। সেখানে অত্যন্ত স্বনামধন্য সচিব নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের আগে তাঁরা যেন জামিন না দেন। এই কথাগুলো অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.