Sylhet Today 24 PRINT

মির্জা আব্বাসের মনোনয়ন বাতিল চান মেনন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে এ আবেদন করেন তিনি।

বুধবার (৫ ডিসেম্বর) রাশেদ খান মেননের পক্ষে আইনজীবী জেয়াদ আল মালুম নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন।

ঢাকার রমনা, শাহবাগ, পল্টন ও মতিঝিল এলাকা নিয়ে গঠিত এই আসনের বর্তমান সাংসদ মেনন সমাজকল্যাণ মন্ত্রী। এই আসনে তার প্রধান প্রতিপক্ষ হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজারবাগ এলাকার বাসিন্দা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও এবার বিএনপির প্রত্যয়ন নিয়ে পাশের ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

স্ত্রীর ঋণ খেলাপের ওই তথ্য মির্জা আব্বাস হলফনামায় গোপন করেছেন বলে অভিযোগ করেছেন মেনন।

পরে জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে। স্ত্রী আফরোজা আব্বাসের খেলাপি ঋণের তথ্য মির্জা আব্বাস তার হলফনামায় গোপন করেছেন।

এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন, স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন, তিনি স্বামীর কাছে এক কোটি টাকা পাবেন। এটাকে বিভ্রান্তিকর তথ্য বলে অভিহিত করেন তিনি।

ঢাকা-৮ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। এখানে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এই আসনে ২২টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে সাতটি বাছাইয়ে বাতিল হয়।

মেনন ছাড়াও এ আসনের বৈধ প্রার্থীরা হলেন- জেএসডির এম এ ইউসুফ, বিএনএফের আবদুস সামাদ সুজন, বাসদের শম্পা বসু, এনপিপির ছাবের আহম্মেদ, পিডিপির আবুল কালাম আজাদ, মুসলীম লীগের হাসনা হোসেন, গণফ্রন্টের জাকির হোসেন, বিএনপির মির্জা আব্বাস, ইসলামী আন্দোলনের আবুল কাশেম, জাকের পার্টির নজরুল ইসলাম লিটন, ন্যাপের সুমি আক্তার শিল্পী, ঐক্যজোটের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার, জাতীয় পার্টির ইউনুস আলী আখন্দ ও মিনি খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.