সিলেটটুডে ডেস্ক | ০৭ ডিসেম্বর, ২০১৮
নির্বাচন কমিশনের আপিলেও মনোনয়ন টিকলো না পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র। পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি নির্বাচন কমিশনে আপীল করেন। নির্বাচন কমিশনও তার মনোনয়ন বাতিল করেছে।
শুক্রবার আপিল-নিষ্পত্তির শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করে দেয় ইসি।
এর আগে গত ৪ ডিসেম্বর জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছিলেন।
৩ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিয়ে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙাকে।
আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত নম্বর আবেদনের শুনানি হবে। ৮ ডিসেম্বর শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের ১৬০ আপিল আবেদনের ওপর শুনানি চলে। এরমধ্যে ৮০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়, রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের। অন্যদিকে ৪ জন প্রার্থীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।