Sylhet Today 24 PRINT

সিলেট-৫ আসনে সেলিম উদ্দিনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জাতীয় পার্টির দলীয় প্রার্থী সেলিম উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

হলফনামায় স্বাক্ষর না থাকায় গত ২ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করেছিলেন। আজ শুক্রবার আপিলের শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

প্রার্থীতা ফিরে পেয়ে সেলিম উদ্দিন এমপি বলেন, ‘সিলেট-৫ ও ৬ আসনে আমি দলীয় মনোনয়ন পেয়েছিলাম। তবে সকলের পরামর্শ অনুযায়ী সিলেট-৫ আসন থেকে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সিলেট-৬ আসনের নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছি।’

প্রসঙ্গত, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে ভোটের মাঠে রয়েছেন সাবেক এমপি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। জাতীয় পার্টির দলীয় প্রার্থী সেলিম উদ্দিন এমপির মনোনয়ন বাছাইকালে বাতিল হয়ে গেলে মহাজোটের প্রার্থীতা নিয়ে হিসেবনিকেশ পাল্টে যায়। আওয়ামীলীগ অনেকটা নিশ্চিত ছিল হাফিজ আহমদ মজুমদারই হবেন সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী। কিন্তু শুক্রবার জাতীয় পার্টির সেলিম উদ্দিন আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরত পাওয়ার পর সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেয়ায় সেলিম উদ্দিনকে নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.