Sylhet Today 24 PRINT

আপিলেও টিকলেন না ইমরান সরকার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৮

আপিল শুনানি শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে রিটার্নিং কর্মকর্তা প্রথম দফায় ইমরানের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দিয়েছিলেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ইমরান এইচ সরকার। শুক্রবার আপিল শুনানি শেষে আগের সিদ্ধান্তেই বহাল রাখে ইসি।

নির্বাচন কমিশন আগে বলেছিল, ইমরানের মনোনয়নপত্রে নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। তবে সিদ্ধান্ত বদল হয়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইমরান এইচ সরকারের এ বিষয়ে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন।

কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান এইচ সরকার। রৌমারী, রাজীবপুর ও চিলমারী-এই তিন উপজেলা মিলে কুড়িগ্রাম-৪ আসন।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বানে আর সাধারণ মানুষের অংশগ্রহণে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। এর মুখপাত্র হন ইমরান এইচ সরকার। এ আন্দোলন পরে সারা দেশে ও দেশের বাইরে ছড়িয়ে পড়ে। পরে প্রচণ্ড আন্দোলনের মুখে সরকার আইন সংশোধন করে। এরপর আপিলের রায়ে কাদের মোল্লার ফাঁসি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.