Sylhet Today 24 PRINT

নৌকা-ধানের শীষ নিয়ে মামাতো-ফুফাতো ভাইয়ের লড়াই

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

আসন্ন সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছে দুই ভাই।

আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির।

নাঈমুর রহমান দুর্জয় ও এস এ জিন্নাহ কবির সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। বিএনপি প্রার্থী জিন্নাহর আপন মামা নাঈমুর রহমান দুর্জয়ের বাবা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এস এ জিন্নাহ কবিরের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে নাঈমুর রহমান দুর্জয়ের মনোনয়ন নিশ্চিত ছিল।  নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য।

প্রসঙ্গত, জিন্নাহ ছাড়াও এই আসনে দলের মনোনয়ন দেয়া হয়েছিল আরও দুই প্রার্থীকে। এরা হলেন- বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেজো ছেলে আব্দুল হামিদ ডাবলু এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.