Sylhet Today 24 PRINT

তিন আসনে খালেদা জিয়ার আপিলের রায় বিকেলে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

ফেনি ১, বগুড়া ৬ ও ৭ এই তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দফা শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। আজ (৮ ডিসেম্বর) শনিবার বিকেল ৫টায় পুন:শুনানি শেষে রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন।

কমিশনে আপিলের বিরুদ্ধে শুনানিতে অংশ নিয়েছিলেন, সাবেক অ্যাটর্নি ও খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে ২০/২৫ জন আইনজীবী।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ফেনি-১, বগুড়া -৬ ও ৭ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসির আপিল শুনানি শুরু হয়।

পরে সাংবাদিকদের কাছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র আর্টিকেল ১২/ডি- ওয়ান অনুযায়ী বাতিল করেছে। আমরা এর বিরুদ্ধে আপিল করেছি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করলেও কারাগারে থাকা অবস্থায় এই আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন যে গ্রাউন্ডে মনোনয়ন বাতিল করেছে সেই গ্রাউন্ডেই আমরা আপিল করেছি। এই আপিল অবশ্যই বৈধ রায়ের যোগ্য। সুতরাং মনোনয়ন বাতিলের কোনো সুযোগ নেই।’

জয়নুল আবেদীন আরও বলেন,  ‘আপিলের রায় বৈধ ঘোষণা করে খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। বিকেল ৫টায় কমিশন আরেকদফা শুনানি শেষে রায় দেবে বলে জানিয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.