সিলেটটুডে ডেস্ক | ০৯ ডিসেম্বর, ২০১৮
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছেন পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
রোববার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন জমা দিয়েছেন তিনি।
ঋণখেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। এই আদেশের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। ৭ ডিসেম্বর শুনানি নিয়ে ইসি ফের তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুহুল আমিন হাওলাদার। রুহুল আমিনের আইনজীবী আবিদ চৌধুরী জানান, আজ রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিল করে ইসির ৭ ডিসেম্বর নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। নির্বাচনে প্রার্থিতা পেতেই এই রিটটি করা হয়েছে।