Sylhet Today 24 PRINT

ইমরান এইচ সরকারের মনোনয়ন গ্রহণের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (৯ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল  জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন বলে জানান ইমরান এইচ সরকারের আইনজীবী তানিয়া আমির।

তিনি জানান, আদালতের এ আদেশের ফলে ইমরান এইচ সরকারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা নেই।

এর আগে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন তার বাতিল হওয়া মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানি করে। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ইমরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.