সিলেটটুডে ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতার জন্য মহাজোটের শরিক জাতীয় পার্টি আরও ১৫ জনের নামের তালিকা ইসিতে জমা দিয়েছে। এনিয়ে উন্মুক্ত প্রার্থী হিসেবে জাপার প্রার্থীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৪৭। মহাজোটের শরিক হলেও আওয়ামী লীগের প্রতীক নৌকার সঙ্গে এই প্রার্থীরাও নির্বাচনে লড়বেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে জাপার সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন খান কমিশনে এ তালিকা জমা দেন।
সেখানে তিনি সাংবাদিকদেরে জানান, এদের সবার প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। পরে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন এই ১৫ জন। তাই এগুলো প্রক্রিয়া করতে আমাদের কমিশনে জমা দিতে দেরি হয়েছে। আগের তালিকার সঙ্গে এই এগুলো যুক্ত হবে।
মহাজোটের শরিক দল হিসেবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এককভাবে ২৯ আসনে মনোনয়ন দিয়েছে।
এই তালিকা যুক্ত হওয়ায় জাপার মোট প্রার্থী দাঁড়ালো ১৭৬ জনে।