Sylhet Today 24 PRINT

‘সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই’

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৮

ফাইল ছবি

সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই। আমি এ নির্বাচনে জিতব। সিংহ প্রতীক পেয়ে এমন মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা।

সোমবার (১০ ডিসেম্বর) ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পাওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গুলশানসহ নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করে নাজমুল হুদা বলেন, সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন কায়েম করবেন। এলাকার মানুষের পাশে থেকে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের দাবি পূরণ করবেন।

নাজমুল হুদা বলেন, তিনি জানেন, ঢাকার-১৭ আসনে অনেক জনপ্রিয় প্রার্থী আছেন। তবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। নাজমুল হুদা বলেন, ‘সিংহ কখনো পরাজিত হয় না। সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই।’

চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী নাজমুল হুদা এখন তৃণমূল বিএনপির চেয়ারম্যান। শুরুতে তার মনোনয়ন বাতিল হলেও নির্বাচন কমিশনে তিনি আপিল করলে তা বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ, আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা মহানগরের ১৫টি আসনে ১৩২ জন প্রার্থী লড়বেন। আজ তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.