সিলেটটুডে ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮
একাদশ সংসদ নির্বাচনে ‘মোটরগাড়ি’ প্রতীক পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ইমরান কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দকালে তার হাতে এই প্রতীকের নমুনা তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
প্রতীক পাওয়ার পর ইমরান এইচ সরকার বলেন, সামান্য ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করলেও উচ্চ আদালতের নির্দেশনায় নির্বাচনে অংশ নিতে পারছি। সেই মোতাবেক আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছি মোটরগাড়ি।
মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকার ক্রমিক নম্বর ভুল থাকায় তা বাতিল করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। সোমবার প্রতীক নেয়ার সময় ইমরান এইচ সরকার উচ্চ আদালতের নির্দেশনার কাগজপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করলে তিনি তাকে বৈধ প্রার্থী বলে ঘোষণা করেন।