Sylhet Today 24 PRINT

ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, না হলে ভোট চুরি হয়ে যাবে: আ স ম রব

গোলাপগঞ্জ প্রতিনিধি

নিউজ ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ও জাসদ সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ভোটের দিন ভোর বেলা নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তানা হলে ধানের শীষের ভোট চুরি হয়ে যাবে। এ লড়াই গণতন্ত্র উদ্ধারের লড়াই। এ লড়াই গরীব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই। এ লড়াই খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ধানের শীষের প্রতিকে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলার পৌর সদরের সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট-৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান নছিরুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম। এছাড়াও বিএনপি নেতা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, মশিকুর রহমান মহি, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.