নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮
সিলেট-১ সংসদীয় আসনের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর সোনারপাড়া ও তার আশপাশের এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা শেষে সিলেটটুডে টোয়েন্টিফোরের সাথে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।
এসময় এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন গত দশ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরছেন তারা। উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখার স্বার্থেই জনগণ আবারো আওয়ামী লীগের জয় চায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো জানান, সরকার গৃহীত নানাবিধ মেগা প্রকল্পের কাজ বিএনপি এলে বন্ধ করে দিতে পারে। আধুনিক ও উন্নত দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শামীমা শাহরিয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।