Sylhet Today 24 PRINT

ভার্চুয়াল প্রচারণায় প্রার্থীরা

হবিগঞ্জ-২

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং |  ১৮ ডিসেম্বর, ২০১৮

ভোটের দিন যতো ঘনিয়ে আসছে ততোই প্রচারণায় এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে এখন পাল্টে গেছে প্রচারণার ধরণ। এখন কেবল আর মাঠে-ঘাটে প্রচারণা চালালেই চলছে না, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে হচ্ছে প্রচারণায়। তরুণদের টানতে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের প্রার্থীরাও তৎপর ভার্চুয়াল দুনিয়ায়। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই লাইভ, ভিডিও, ছবি আর বক্তব্য ফেসবুকসহ বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে তুলে ধরছেন তাঁরা।

হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খান ও বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ রুপকের সমর্থকরা ফেসবুকে তাদের প্রার্থীদের নামে আইডি, ফ্যানপেজ খুলে সেখানে প্রার্থীদের নাম, প্রতীক এবং ব্যক্তিগত তথ্য তুলে ধরছেন।

নিজ নিজ প্রচারণার খুটিনাটি ফেসবুকে লাইভসহ বিভিন্ন অনুষ্টানের প্রচার-প্রচারণা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এ জে মসউদ হাসান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শংকর পালের সমর্থকরাও ভার্চুয়াল প্রচারণায় পিছিয়ে নেই। ফেসবুকে প্রার্থীদের বিভিন্ন পোস্ট শেয়ার, আপলোড দিয়ে বেশি বেশি মানুষের কাছে পৌছে দিচ্ছেন নিজনিজ দলের সমর্থক ও নেতাকর্মীরা।   

বড় দুই দলের সংসদ সদস্য প্রার্থী নিজেদের বক্তব্য প্রচারণা নিয়ে ভিডিও ডক্যুমেন্টারিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ডক্যুমেন্টারি গুলো প্রচুর লাইক,কমেন্ট ভিউও হচ্ছে। ভোটাররা কমেন্টও করছে পক্ষে বিপক্ষে।  

ভার্চুয়াল লড়াইয়ে বড় দুই দলের এমপি প্রার্থী সমর্থকরাই বেশি এগিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নৌকা আর ধানের শীষের জমজমাট লড়াই চলছে।

বিভিন্ন জনের ফেসবুক টাইমলাইন ঘুরে দেখা গেছে, নৌকা মার্কার কোন সমর্থক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খানের  প্রচারণার ছবি বা পোস্টার প্রকাশ করছেন। মজিদ খানের ছবির পোস্টের নিচে কমেন্ট বক্সের মধ্যে বিএনপির কেউ জুড়ে দিচ্ছেন ধানের শীষ বা বিএনপির প্রার্থী আব্দুল বাছিত আজাদেও ছবি। আবার কেউ কেউ আব্দুল বাছিত আজাদের ছবির নিয়ে আব্দুল মজিদ খানের ছবি কমেন্ট হিসেবে পোস্ট করে যাচ্ছেন।

শুধু পোস্টার বা ছবি প্রকাশ করেই তারা ক্ষান্ত হচ্ছে না। প্রার্থীদের বিগত দিনের ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলোও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

এছাড়াও প্রাার্থীদের প্রতিদিনের প্রচারণা, বিভিন্ন সভা ও সেমিনারের লাইভ ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।   

ডিজিটাল মাধ্যমে প্রচারণা বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী আসনে ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.