হবিগঞ্জ প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দেরবাজারে হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সিলেট মহানগর ছাত্রদল-এর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না আহত হয়েছেন।
বুধবার বিকেলে এ হামলা জয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
তাদের অভিযোগ, বুধবার ড. রেজা কিবরিয়া দুপুরে আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও, সাইনবোর্ড বাজার গণসংযোগ শেষে বান্দেরবাজার পৌঁছালে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এসময় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্নাকে মারধর করা হয় ।পরে ড. রেজার গাড়িবহরে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
ঘটনার পর নির্ধারিত ইনাতগঞ্জের পথসভা স্থগিত করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন ড. রেজা কিবরিয়া।
ড. রেজা কিবরিয়া তাঁর কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে এ বলেন, ‘পূর্ব-পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীর উপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।‘
তবে নবীগঞ্জ থা্নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেছেন, এ ধরণের কোনো হামলার খবর পাইনি। কেউ অভিযোগও করেনি।