Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৮

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন। তিনি জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

বুধবার রাত ২টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় ভোটের মাঠে আসতে পারছিলেন না তিনি। হঠাৎ করে ঢাকার নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক জীবনে তিনি তিন ছেলে ও দুই কন্যাসন্তানের জনক।

১৯৩৪ সালের ১ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী চৌধুরী। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা মরহুম আহসান উদ্দিন চৌধুরী ছিলেন একজন স্কুলশিক্ষক।

১৯৮৪ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। ফজলে রাব্বী ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ও সংস্থাপনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.