Sylhet Today 24 PRINT

সোমবারের মধ্যে জামায়াতের ২৫ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৮

জামায়াতের প্রার্থীদের নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে আগামী ২৪ ডিসেম্বর সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।

জামায়াতের বিষয়ে তিনদিনের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশনা ছিল জানতে চাইলে সচিব বলেন, আমরা মহামান্য হাইকোর্টের চিঠিটা আজকে পেয়েছি এবং আইন শাখায় বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছি। যাতে কমিশনে বিষয়টি উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, ‘আমাদের তিন কার্যদিবসের মধ্যে করতে বলা হয়েছে। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও দুইটি কার্যদিবস হাতে আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোববার ও সোমবার হাতে আছে ইসির)। এর মধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবেন।’

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট হয়েছে হাইকোর্ট বেঞ্চে। কোর্ট তিনদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.