Sylhet Today 24 PRINT

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণফোরামের শান্তিপদ

মৌলভীবাজার-৪

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন গণফোরাম মনোনীত প্রার্থী এডভোকেট শান্তিপদ ঘোষ।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

সংবাদ সম্মেলনে শান্তিপদ ঘোষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা গণফোরামের সদস্য আব্দুল আজিজ।

লিখিত বক্তব্যে আব্দুল আজিজ বলেন, এই নির্বাচনী এলাকায় আমার দলে (গণফোরাম) এর সর্বোচ্চ নেতৃবৃন্দের সবুজ সংকেত পেয়েই আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।  পরবর্তীতে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে রহস্যজনক ভাবে আমার নামটি বাদ পড়ে। কিন্তু আমার দলের নেতাকর্মীদের চাপের মুখে ও ভোটারদের উৎসাহে আমি দলীয় প্রতীক উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই।  কিন্তু প্রচার শুরু হওয়ার পর থেকেই আমি দেখতে পাই ঐক্যফ্রন্টের শরিক ও তৃনমূলে সাংগঠনিকভাবে শক্তিশালী দল বিএনপিসহ আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা আমার নির্বাচনী প্রচার কাজে নিষ্ক্রিয় হয়ে পড়েন ৷ এমতাবস্থায় আমার নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সুপরামর্শে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।

ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শান্তিপদ ঘোষ বলেন, এখন আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না।

অন্য এক  প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে প্রতিকূল পরিস্থিতির কারণেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গণফোরাম শ্রীমঙ্গল উপজেলার সভাপতি রাসেন্দ্র দত্ত, গণফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, গণফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গণফোরামের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মো. আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা গণফোরামের সদস্য মো আতিকুজ্জামান ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল মোমিন তরফদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.