Sylhet Today 24 PRINT

ফের জনগণের সেবা করতে চান শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৮

আবারও জনগণের সেবা করার সুযোগ দিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যে দেশে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি। এ ছাড়া অনেক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ জন্য আমি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জনগণকে আবারও সেবা করার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’

উৎসবের মধ্য দিয়ে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে সরকারকে পুনর্নির্বাচিত করতে আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা ২০২০-২০২১-কে ইতিমধ্যে মুজিব বর্ষ ঘোষণা করেছি। এ জন্য আমরা বিশাল উৎসবের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ চাই।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করার জন্য রাজশাহীর মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এ জন্য আমি আপনাদের কাছে চাই যে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থীকে নির্বাচিত করেছেন, একইভাবে আসন্ন সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীকে বিজয়ী করবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.