Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে রেজা কিবরিয়ার কান্না

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জে ৩ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া।

শুক্রবার সকালে গ্রেপ্তার হওয়াদের বাড়িতে যান ড. রেজা কিবরিয়া। সেখানে তাদের স্বজনদের সঙ্গে নিজেও কান্নায় ভেঙে পড়েন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন, আউশকান্দি ইউনিয়ন যুবদল নেতা রুহেল, ইউপি মেম্বার আলম এবং করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন।

ড. রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন, পুলিশ রাত ২টা থেকে আড়াইটার দিকে ট্রাকভর্তি করে এসে তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাদের দোষ ছিল তারা আমার সঙ্গে দেখা করেছিল। আওয়ামী লীগ মনে করছে এগুলো করে জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু তারা বুঝতে পারছে না তাদের জনপ্রিয়তা কত কমে গেছে। জনগণ তাদের ওপর কতটা ক্ষিপ্ত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গ্রেপ্তারকৃতদের বাড়িতে গেলে আলম মেম্বারের মেয়েরা ড. রেজা কিবরিয়াকে ধরে কাঁদতে থাকেন। রুহেলের দুই বছর বয়সী মেয়েও কান্না করছিল। তাদের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ড. রেজা কিবরিয়া। তিনিও কান্নায় ভেঙে পড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.