Sylhet Today 24 PRINT

একটু দেরি করে এলেন কি- ইনামকে শেখ রেহানার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক |  ২১ ডিসেম্বর, ২০১৮

ইনাম ভাই একটু দেরি করে এলেন কি- ইনাম আহমদ চৌধুরীর কাছে জানতে চান প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদানকালে ইনাম আহমদ চৌধুরীকে এ প্রশ্ন করেন রেহানা।

শুক্রবার সন্ধ্যায় হাফিজ কমপ্লেক্সে নিজেই সে কথা জানিয়ে সদ্য বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা ইনাম আহমদ বলেন, আমি মোটেই দেরি করিনি। সঠিক সময়েই এসেছি। আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই।

শুক্রবার সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেনের পক্ষে পেশাজীবী সমাবেশে যোগ দেন ইনাম আহমদ চৌধুরী। আওয়ামী লীগে যোগদানের পর এই প্রথম তিনি সিলেট এলেন।

এসময় প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, অনেকেই জানতে চান কেনো আমি আওয়ামী লীগে এলাম। কেনো এবার আমাকে মনোনয়ন দেওয়া হয়নি সেটা একটা বড় প্রশ্ন। বিএনপির মনোনয়ন প্রদানের ক্ষেত্রে কোন বিবেচনাবোধ মুখ্য হয়ে পড়েছিলো সেটা আপনারা খুঁজে বের করুন। দেখবেন তাতে দেশপ্রেমের কোনো নিদর্শন ছিলো না।

তিনি বলেন, কেবল মনোনয়ন না পেয়ে নয়, আমার বিবেচনাবোধের মৃত্যু আমি সহ্য করতে পারিনি। সেখানে আদর্শগত বিরোধও রয়েছে। এছাড়া মানবিক গুণাবলির বিরাট অভাব রয়েছে।

ইনাম চৌধুরী বলেন, আমার এই মতপরিবর্তন বিশেষ চিন্তাপ্রসূত। আমার সিদ্ধান্ত যে ভুল হয়নি তা ৩০ তারিখ আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবেন।

কেননা নৌকার বিজয় মানে উন্নয়নের বিজয়, আমাদের বিশ্বাসের বিজয়, মুক্তিযুদ্ধের চেতনার বিজয়।

এসময় ড. আব্দুল মোমেনের পক্ষে ভোট চান ইনাম আহমদ চৌধুরী।

জয় বাংলা, জয় শেখ হাসিনা বলে নিজের বক্তব্য শেষ করেন বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.