Sylhet Today 24 PRINT

ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি ফয়সল চৌধুরীর

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী এ আসনে সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ ও ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কর্মী সমাবেশকালে তিনি নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানান।

ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলায় ভোট চেয়ে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভাকালে তিনি বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। কিন্তু প্রতিপক্ষের লোকজনের প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। এছাড়া গায়েবি মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করে হয়রানি না করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় তার সাথে ধানের শীষের প্রচারণায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.