Sylhet Today 24 PRINT

হাই কোর্টের আইন অমান্য করে ধানের শীষের মিছিল, হামলার অভিযোগ

সিলেট-২ আসন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৮

বিশ্বনাথে মহাজোট প্রার্থী বর্তমান সাংসদ এহিয়ার প্রচার মিছিলের সময় একই স্থানে হাই কোর্টের আইন অমান্য করে ধানের শীষের সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ধানের শীষের সমর্থনকারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মুফতির বাজারে এ ঘটনাটি ঘটে। এ সময় জুতা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

জেলা জাপা নেতা এ কে এম দুলাল ও আশেক আলী জানান- বিএনপি নেতা আছকর আলী, বাবুল আহমদ ও যুবদল নেতা ধনাই মিয়ার নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

এ ঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যুবদল নেতা ধনাই মিয়ার ভাই মুফতির বাজারের ব্যবসায়ী আশিক আলীকে আটক করে নিয়ে যায়। এর আধাঘন্টার মধ্যেই লাঙলের সমর্থকরা আশিক আলীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসেন।

এ ঘটনায় প্রতিবাদ সভা করেছেন মহাজোট প্রার্থী বর্তমান সাংসদ এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সমর্থকেরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংসদ এহিয়ার ভাই ও জেলা পরিষদ সদস্য শহর আল রাজী চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সাবেক আহবায়ক হাজী আরশ আলী, খাজাঞ্চি ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী রুবেল আহমদ, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও জয়নাল মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, এ ঘটনায় মামলা করা হবে। অভিযোগকারীরা যদি অভিযোগ না করেন তাহলে তো আমরা কাউকে ধরতে পারি না। এ ঘটনায় তদন্ত করা হবে। যদি তদন্তে আশিক আলী দোষী প্রমাণিত হন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা বাতিল করেছে হাই কোর্ট। ফলে ওই আসনে ধানের শীষের সমর্থনে মিছিল কোন মিছিল করা যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.