বড়লেখা প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিনের নৌকা প্রতীকের দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রতুলি বাজারে আওয়ামী লীগ প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিনের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।
মামলার পরই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর বুধবার রাত ১০টার দিকে উপজেলার রতুলি বাজারে আওয়ামী লীগ প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিনের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফয়জুর রহমান বিএনপির ৪১ জনের নামোল্লেখ ও আরো ২৫ জন নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রহিম বক্ত মুসা ও শাহীন আহমদ নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী শুক্রবার রাতে জানান, মামলার পরই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে একই রাতে উপজেলার বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিএনপির ১২ জনের নামোল্লেখ ও আরো ৩০-৩৫ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় হেলাল উদ্দিন ও ইসলাম উদ্দিনকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী শুক্রবার রাতে জানান, বর্ণিতে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিএনপির ১২ জন নেতাকর্মীর নামোল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।