সিলেটটুডে ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, গত ১০ বছর দেশের মানুষের মনে কোন শান্তি ছিল না। গ্রামের দরিদ্র কৃষকও সরকারের হামলা-মামলা-গুম থেকে রেহাই পায়নি। ঘরে ঘরে খুঁজে খুঁজে সরকার বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) সকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মাদ্রাসাবাজারে সিলেট-১ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেট সদর উপজেলার এমন কোন গ্রাম, এমন কোন বাড়ি হয়তো খুঁজে পাওয়া যাবে না, যে বাড়ির কেউ না কেউ গত ১০ বছরে অন্তত এক বার মিথ্যা মামলার শিকার হয়েছেন। আর তাই এখন সময় এসেছে জবাব দেওয়ার। গত ১০ বছরের হামলা-মামলা-গুমের প্রতিবাদ জানাতে ৩০ ডিসেম্বর বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সদর উপজেলার মানুষ আমার আত্মার আত্মীয়। আমার পিতাকেও সদরের মানুষ ভালবাসতেন। আমাকেও ভালবেসে নিজেদের হৃদয়ে তারা স্থান করে দেবেন বলে আমি আশাবাদী।
সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি নাজিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সহসভাপতি শাহ জামাল নুরুল হুদা, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, বশির উদ্দিন মেম্বার, মাওলানা ইমাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ, জেলা বিএনপির সদস্য ওয়ারিছ আলী।