Sylhet Today 24 PRINT

নির্বাচনে আসছে না আন্তর্জাতিক পর্যবেক্ষক দল

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র থেকে ১২টি পর্যবেক্ষক দল পর্যবেক্ষণে আসার কথা থাকলেও ভিসা জটিলতায় সেই সফর বাতিল করেছে আন্তর্জাতিক পর্যবক্ষেক সংস্থা।

শুক্রবার (২০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে সময়মতো ভিসা দিতে অপারগতা প্রকাশ করায় পর্যবেক্ষক দল তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছে।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র  দপ্তরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সময়মতো ভিসা পাননি। বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের জন্য তাই তাদের যাওয়া সম্ভব না। ফলে পর্যবেক্ষকরা মিশন বাতিল করতে বাধ্য হয়েছেন।  আন্তর্জাতিক পর্যবেক্ষণ না থাকায় এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব আরও বেড়ে গেলো। স্থানীয় এনজিও যারা নির্বাচন নিয়ে কাজ করে, বিশেষ করে ইউএসআইডির অর্থায়নে পরিচালিত কিছু সংস্থাও রয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে।

এর আগে ১ ডিসেম্বর (শনিবার) ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে  বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র এক ডজন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে জানিয়েছিলেন। প্রত্যেকটি দলে দু'জন করে পর্যবেক্ষক থাকার কথা ছিল। যারা দেশের অধিকাংশ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.