Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের জনসভা শুরু

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৮

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে শুরু হওয়া জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মো. শাহ আলম।

এরপর গীতা পাঠ করেন জয়ন্ত বিজয় চক্রবর্তী। পরে যথাক্রমে ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেটের তিন মাজার জিয়ারত শেষে বর্তমানে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করছেন।

বেলা আড়াইটার দিকে জনসভাস্থলে পৌঁছার কথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে 'নিজ খরচে' শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.