Sylhet Today 24 PRINT

ধানের শীষের জোয়ার দেখে সরকার শঙ্কিত: মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৮

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধানের শীষের জোয়ার দেখে সরকার শঙ্কিত। জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের হয়ে জনগণ ধানের শীষ, ধানের শীষ স্লোগান দিচ্ছে।

শনিবার (২২ ডিসেম্বর) সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকার ফাইভ স্টার মাঠে সৈয়দপুর-কিশোরগঞ্জ নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘৩০ তারিখ আপনারা কেউ ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না। সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ফলাফল হাতে নিয়ে আমরা ঘরে ফিরব। ইনশা আল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।’

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি মো. আবদুল গফুর সরকার সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম ও নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন হচ্ছে ঠুঁটো জগন্নাথ। এ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে এতে অংশ নিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার চাই, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি চাই ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে চাই আমরা।’

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আদালত আর পুলিশ ছাড়া জনগণ আপনাদের সঙ্গে নেই। বিএনপির নেতা-কর্মীদের ওপর মামলা, হামলা, নির্যাতন বন্ধ করুন। আর সৈয়দপুরে এসে দেখে যান কীভাবে জনগণ জেগে উঠেছে, মানুষ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।’

মির্জা ফখরুল আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘যখন-তখন আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যাবে না। আপনারা শৃঙ্খলা বজায় রাখুন, জনগণের হয়ে কাজ করুন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.