Sylhet Today 24 PRINT

মিডিয়া সেন্টারে মিলবে ভোটের তথ্য

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সব তথ্য প্রচার করতে একটি মিডিয়া সেন্টার চালু করতে যাচ্ছে সরকার।

রোববার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান।

ঢাকার সোনারগাঁও হোটেলে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সার্বক্ষণিক এই মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষকরা তথ্য সংগ্রহ করবে পারবেন বলে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন।

তিনি বলেন, ২৯ ডিসেম্বর সকাল থেকেই মিডিয়া সেন্টার খোলা থাকবে, সেখানে তিন শিফটে সাতজন করে কর্মকর্তা দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশন থেকে ভোটের তথ্য সংগ্রহের পর মিডিয়া সেন্টারে তা ডিজিটালি ডিসপ্লে করব।

বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়ে এই মিডিয়া সেন্টারের বিষয়ে অবহিত করা হবে জানিয়ে তারানা বলেন, তারাও সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। বিদেশি পর্যবেক্ষকদের সহায়তায় ঢাকা বিমানবন্দরে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তথ্য অধিদপ্তরের একটি বুথ থাকবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নির্বাচনের ফলাফল ৩০ মিনিট পর পর বা প্রয়োজনে বিশেষ বুলেটিন প্রচার করা হবে। এছাড়া সরকারের গুজব শনাক্তকরণ ও অবহিতকরণ সেল ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে। এই সেলে প্রতিদিন তিন শিফটে নয়জন করে কর্মী দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রীক গুজব প্রচার কৌশল হিসেবে ব্যবহৃত হয়, আমরা চাই নির্বাচনকালে যেন কোনো রকম গুজব সৃষ্টি না হয়।

নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা যে সিদ্ধান্ত দেবেন সেটা আমাদের মাথা পেতে নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.